ডাচদের হারিয়ে চমক আলজেরিয়ার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের প্রস্তুত ম্যাচে বড় ধরনের চমক উপহার দিয়েছে আলজেরিয়া। রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে স্বাগতিক নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে উত্তর আফ্রিকার দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় আনিস হাদজ মুসা। গত রাতের অন্য প্রস্তুতি ম্যাচে ইরাক ২-০ গোলে বলিভিয়াকে, অস্ট্রিয়া ৩-১ গোলে কানাডাকে এবং উজবেকিস্তান ২-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করে। এ ছাড়া দণি আফ্রিকা ১-১ গোলে হন্ডুরাসের সাথে ড্র করেছে

ফেইনুদ্রের হয়ে নিয়মিত খেলা হাদজ মুসার জন্য এটি ছিল বিশেষ এক রাত। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে স্মরণীয় জয় এনে দেন তিনি। ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে কেটে এসে অসাধারণ কার্লিং শটে বল জড়িয়ে দেন জালের উপরের কোণায়। তার এই দুর্দান্ত গোলেই স্তব্ধ হয়ে যায় ডাচ সমর্থকদের গ্যালারি, আর উল্লাসে ফেটে পড়ে আলজেরিয়ার সমর্থকরা।

পুরো ম্যাচজুড়ে নেদারল্যান্ডসই বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং একাধিক ভালো সুযোগ তৈরি করেছে। তবে গোলের সামনে চরম ব্যর্থতা তাদের ভোগায়। বিশেষ করে ডনিয়েল মালেন কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। ম্যাচের ১৯তম মিনিটে ক্রিসেন্সিও সামারভিলের চমৎকার পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এ ছাড়া দ্বিতীয়ার্ধেও আরো দু’টি সহজ সুযোগ হাতছাড়া করেন রোমা ফরোয়ার্ড।

অন্য দিকে আলজেরিয়াও কিছু পাল্টা আক্রমণ থেকে বিপদ তৈরি করেছিল। মোহাম্মদ আমুরা প্রথমার্ধে একটি ভালো সুযোগ নষ্ট করেন। এরপর ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই হাদজ মুসার অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

নেদারল্যান্ডসের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ক্রিসেন্সিও সামারভিল ও গোলরক রবিন রুফসের। তবে অভিষেকের রাতটি জয় দিয়ে রাঙাতে পারেননি তারা।

বিশ্বকাপের আগে এই জয় আলজেরিয়ার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। এখন তারা যুক্তরাষ্ট্রে গিয়ে বলিভিয়ার বিপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। অন্য দিকে নেদারল্যান্ডস মুখোমুখি হবে উজবেকিস্তানের। বিশ্বকাপের আগে বিভিন্ন দলের প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই বেশ কয়েকটি অপ্রত্যাশিত ফল দেখা যাচ্ছে, আর আলজেরিয়ার এই জয় নিঃসন্দেহে তার মধ্যে সবচেয়ে বড় চমকগুলোর একটি।