শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বরের উদ্যোগে শিবচর-পাঁচ্চর ও শিবচর-শেখপুর রুটের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।
জানা গেছে, কাঁওড়াকান্দি পুরাতন ঘাট, শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রতিদিন বহু শিক্ষার্থী কলেজে যাতায়াত করেন। আর্থিক সঙ্কটের কারণে অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারতেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় বাস মালিকদের সাথে আলোচনা করে ‘আনন্দ পরিবহন’-এ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
শিক্ষার্থীরা কলেজের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করতে পারবেন। আগামী ১৭ মে থেকে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, এতে যাতায়াত ব্যয় কমবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ সহজ হবে। স্থানীয়রাও উদ্যোগটিকে শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন।
হিমেল মাতুব্বর বলেন, ‘অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে কলেজে আসে। তাদের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।’



