নয়া দিগন্ত ডেস্ক
রাস্তার পাশে গাছভর্তি আম পেকে আছে, কিছু হয়তো মাটিতেও পড়ে আছে। এমন দৃশ্য দেখলে যে কেউ হয়তো দু’টি আম কুড়িয়ে নেয়ার কথা ভাববেন। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে এই ভুলটি করলেই আপনার পকেট থেকে চলে যেতে পারে বিপুল পরিমাণ অর্থ। দেশটির আইন অনুযায়ী, সরকারি জায়গায় বা রাস্তার পাশে পড়ে থাকা আম কুড়ানো অথবা গাছ থেকে পাড়া-দুটোই দণ্ডনীয় অপরাধ।
সম্প্রতি সিঙ্গাপুরে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ডিজিটাল ক্রিয়েটর প্রিয়াঙ্কা সিনহা সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, একটি রাস্তার পাশে আমগাছ ফলে ভরে আছে এবং বেশ কিছু আম নিচে পড়ে আছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এই ফলগুলোর কোনো মালিক নেই, কিন্তু প্রিয়াঙ্কা পরিষ্কারভাবে জানিয়েছেন যে, সিঙ্গাপুরে এগুলো ছোঁয়াও বারণ। তিনি বলেন, যদি কেউ সেগুলো কুড়ানোর চেষ্টা করে,তবে তাকে পাঁচ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশী মুদ্রায় এই অঙ্কের পরিমাণ পাঁচ লাখ টাকার কাছাকাছি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।
কারণ, সিঙ্গাপুরের আইন অনুযায়ী পাবলিক প্লেস বা রাস্তার পাশে লাগানো সমস্ত গাছপালা সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা মাটি থেকে কুড়ানোকে সরকারি সম্পত্তি চুরির সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়।



