‘ও জান’ দিয়ে চারিদিকে আলোচনায় রেহান...

Printed Edition
‘ও জান’ দিয়ে চারিদিকে আলোচনায় রেহান...
‘ও জান’ দিয়ে চারিদিকে আলোচনায় রেহান...

বিনোদন প্রতিবেদক

অভিনয়ের দুনিয়ায় অভিষেক হয়েছে তার-২০২৪-এ। ২০২৫ সালেও বেশ কয়েকটি ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সিনেমা নিয়ে আপাতত বেশি কিছু বলা বারণ, তাই সিনেমার প্রচার সময়কাল বা সিনেমার মুক্তির সময়কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সিনেমায় তার চমক দেখার জন্য। তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় মুখ ফররুখ আহমেদ রেহান। নিজের মেধা, যোগ্যতা, বিনয় আর অভিনয় দিয়ে তিনি চলে এসেছেন নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে। আর এবার তিনি চারিদিকে আলোচনায় রয়েছেন গত ৩১ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পাওয়া কোনাল ও নিলয়ের গাওয়া গান ‘ও জান’-এর গান চিত্রে দুর্দান্ত উপস্থিতির কারণে। নায়কের মতো এই গানে তার উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে। তানিম রহমান অংশুর নির্দেশনায় এই গানে তাকে নায়কের মতোই উপস্থাপন করা হয়েছে। রেহানের ফ্যাশন, স্টাইল, অভিনয়ই সবই ছিল মুগ্ধ করার মতো। নেপালের লোকেশন ছিল তার নিজেকে উপস্থাপনের জন্য বাড়তি পাওনা। গানে তার সহশিল্পী ছিলেন সুনেরাহ, যিনি এই সময়ে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করে রয়েছেন বেশ আলোচনায়। ‘ও জান’ গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন আভরাল সাহির ও লিঙ্কন। ফররুখ আহমেদ রেহান বলেন, ‘যখন যে কাজটা করেছি আমি শতভাগ সততার সাথে মন দিয়ে করার চেষ্টা করেছি। অংশু ভাই আমাকে যেভাবেই গাইড করেছেন, যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই গানটিতে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর দর্শকের কাছে থেকে যে সাড়া পেয়েছি, আমি তাতে সত্যিই মুগ্ধ। ভীষণ অনুপ্রাণিত হলাম আগামীর কাজগুলোর জন্য। যেহেতু এটি আমার প্রথম মিউজিক ভিডিও বা গানচিত্র, তাই কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরিশেষে ফলাফলটা ভালো এসেছে। কাছের মানুষেরাও ভীষণ অনুপ্রেরণা দিচ্ছেন। সত্যি বলতে কী, গানের গীতিকার, সঙ্গীতশিল্পী, সহশিল্পী, নির্মাতা- সবাই যার যার কাজে এরই মধ্যে প্রমাণিত। তাদের সবার সমন্বয়ে এই কাজ শ্রোতা দর্শকের ভালো না লাগার সুযোগ নেই। আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।’ নেপালের মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা এই মিউজিক ভিডিও নিয়েই আপাতত আলোচনায় রেহান। একক নায়ক হিসেবে রেহানের অভিষেক হয় মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে নাজনীন নীহার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে। এর আগে তিনি ভিকি জাহেদের ‘আরারাত’-এ অভিনয়ে করেছিলেন। এরপর তিনি মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাফা কবির, সুনেরাহর বিপরীতে অভিনয় করেন। রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভালো একজন মানুষ আর ভালো অভিনেতা হয়েই বেঁচে থাকার স্বপ্ন রেহানের।