নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৪৪৪ জন বাংলাদেশী হজযাত্রী। মোট ১৪৫টি ফাইটে মক্কা ও মদিনায় পৌঁছেছেন তারা।
হজ অফিস সূত্রে জানা যায়, এবার মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের ফাইট শুরু হয়। এই হজযাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৪৫টি ফাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফাইনাস এয়ারলাইন্স ২২টি ফাইট পরিচালনা করেছে। এসব ফাইটে এখন পর্যন্ত সর্বমোট ৫৬ হাজার ৪৪৪ জন হজযাত্রী পৌঁছেছেন সৌদিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৩৭৩ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ হাজার ২০১ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ৭৮৯ জন এবং ফাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৪৫৪ জন যাত্রী পরিবহন করেছে। হজযাত্রীদের মধ্যে ৪৩ হাজার ৬৫৮ জন জেদ্দা এবং ১২ হাজার ৭৮৬ জন মদিনায় অবতরণ করেছেন।
হজ অফিস জানিয়েছে, পবিত্র হজ পালনের আগেই এ পর্যন্ত ১৪ জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় তিনজন মারা গেছেন। সবশেষ ১২ মে মারা গেছেন গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭)।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফাইট পরিচালিত হবে ৩০ জুন। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



