জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়বে : শ্রমিক কল্যাণ ফেডারেশন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোহাম্মদ তসলিম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম চাপে রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য ইতোমধ্যেই নি¤œ ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ আরো বাড়াবে এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের ঘোষিত নতুন মূল্যহার অনুযায়ী প্রতি লিটার পেট্রলের দাম ৫ টাকা বৃদ্ধি করে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বৃদ্ধি করবে, যার প্রভাব পড়বে বাজার ব্যবস্থার প্রতিটি স্তরে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তারা।