বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশী নিহত

Printed Edition

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কলেজছাত্রসহ দুই বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)।

স্থানীয় সূত্র জানায়, মোরছালিন গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতদের লাশ ভারতের আগরতলার বিজিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এ ঘটনায় আরো কয়েকজন বাংলাদেশী তরুণ আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়া হয়েছে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় যায়। একই সময় নবীর হোসেনসহ আরো কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন বলে দাবি করা হয়। পরে তার লাশ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় নবীর হোসেনকেও ভারতে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সাথে যোগাযোগ চলছে।