শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন।

গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

আফরোজা খানম সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড (তৃতীয়) টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

কবে টার্মিনালটি চালু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, কবে চালু হবে সেটা নির্দিষ্ট সময় দেয়া যাবে না। আলাপ আলোচনা করব, কিভাবে তাড়াতাড়ি এটা চালু করতে পারি, সেটা নিয়েই কাজ চলছে।