মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী ঢাকা
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘ভ্রমণকাহিনি: প্রবাস বন্ধু’ থেকে আরো ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : “ তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি”-বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: “ তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি”-বলতে লেখক আবদুর রহমানের বিশাল শরীর ও সেই অনুযায়ী খাবারের চাহিদার সঙ্গে নিজের তুলনা করেছেন।
আবদুর রহমান প্রথমবার লেখকের জন্য প্রচুর রান্না করে। লেখক তার পরিমাণ দেখে অবাক হলেও উচ্চবাচ্য করেননি। বাঙালিদের তুলনায় তিনি সেদিন একটু বেশিই খেয়েছিলেন। তবুও আবদুর রহমানের দুঃখ রয়ে গিয়েছিল। তারই কথার পরিপ্রেক্ষিতে লেখক বলেন, আবদুর রহমান বিশাল শরীরের অধিকারী। তার খাবারের চাহিদাও তেমনই হবে। কিন্তু সাধারণ বাঙালি লেখক সেই তুলনায় অতি ক্ষুদ্র। তাই আবদুর রহমানের অভিযোগের বিপরীতে লেখক উভয়ের মধ্যে তুলনা করে নিজের অবস্থান স্পষ্ট করেন।
প্রশ্ন : লেখকের মতে আবদুর রহমানের চেহারা কেন আফগান রিলিফ ম্যাপসদৃশ?
উত্তর: লেখকের মতে, আফগানিস্তানের অতি শীতল আবহাওয়াই আবদুর রহমানের রিলিফ ম্যাপসদৃশ চেহারার জন্য দায়ী।
আবদুর রহমানের মুখের চামড়া চিরে ফেড়ে গেছে শীতে-গ্রীষ্মে। রিলিফ দেওয়ার ম্যাপে বিভিন্ন চিহ্নিত স্থান যেমন উঁচু-নিচু দেখায়, আবহাওয়ার কারণে আবদুর রহমানের চেহারাও তেমন অবস্থা ধারণ করেছে। আবদুর রহমান সাধারণ এক আফগান। তার দৃষ্টিতে এই চেহারাই সঠিক। কিন্তু বাঙালি লেখকের অভ্যস্ত দৃষ্টিসীমার বাইরে তার চেহারার বর্ণনা কিছুটা কৌতুকের সঙ্গে বর্ণিত হয়েছে।
প্রশ্ন : “আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাবি”- বুঝিয়ে লেখ।
উত্তর: “আপনার সব কাজ করে দেবে- জুতো বুরুশ থেকে খুন-খারাবি।” কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে, আবদুর রহমান লেখকের সব কাজ করে দেবে; কারণ সে সব কাজ করতে পারে।
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখক কাবুলে গিয়ে গৃহকর্মী হিসেবে আবদুর রহমানকে পান। অধ্যক্ষ জিরার লেখকের সঙ্গে আবদুর রহমানের পরিচয় করিয়ে দেন। আবদুর রহমানের কথা বলতে গিয়ে তিনি প্রশ্নোক্ত মন্তব্যটি করেন। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। যে, আবদুর রহমান শুধু গৃহকর্মী নয়, কাবুলে লেখকের যখন যে ধরনের প্রয়োজন হবে সে তা পূরণ করতে পারবে। মূলত আবদুর রহমানের কর্মদক্ষতার দিকটি প্রশ্নোক্ত উক্তিটিতে ফুটে উঠেছে।



