রয়টার্স
সরকারি ‘অস্ত্রায়নের’ বা নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার যুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের গঠিত প্রায় ১৮০ কোটি (১.৭৭৬ বিলিয়ন) ডলারের একটি বিশেষ তহবিল শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বিরুদ্ধে তার নিজের দল রিপাবলিকানের আইনপ্রণেতারাই তীব্র অবস্থান নেয়ায় হোয়াইট হাউজ পিছু হটতে বাধ্য হয়। গত সোমবার এই সঙ্কটের সাথে যুক্ত একাধিক মার্কিন সূত্র বিতর্কিত তহবিলটি স্থগিত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করেছে মার্কিন বিচার বিভাগের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন আইনি বোঝাপড়া। ট্রাম্পের ব্যক্তিগত করসংক্রান্ত নথির অপব্যবহারের অভিযোগে দেশের রাজস্ব বিভাগের (আইআরএস) বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের একটি মামলা দায়ের করা হয়েছিল, যার নিষ্পত্তি হিসেবে এই ১.৭৭৬ বিলিয়ন ডলারের তহবিলটি তৈরি করা হয়। তবে এটি ঘোষণার পরপরই মার্কিন রাজনীতিতে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে।



