বিএনপিকে অভিনন্দন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের শুভেচ্ছা

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি অভিনন্দন জানিয়ে লিখেছেন, আঞ্চলিক সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সাথে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্র, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করতে আগ্রহী।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে লিখেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেয়ায় আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।