লাইফ সাপোর্টে কায়সার হামিদের মেয়ে কারিনা

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। গতকাল দুপুরে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল; কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। এতে হঠাৎ ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেয়া হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ের নাম লেখান কারিনা। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার। অভিনয় আর গল্প বলার জগতে ধীরে ধীরে নিজের জায়গাও তৈরি করছিলেন; কিন্তু সেই হাসির আড়ালেই নীরবে বাসা বেঁধেছিল জটিল রোগ। শরীর খারাপ লাগলেও শুরুতে বুঝতে পারেননি পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠবে। কয়েক দিনের ব্যবধানে অবস্থার অবনতি হতে হতে এখন তিনি লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার; কিন্তু ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তাই সরকার ও সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

কায়সার হামিদ বলেন, আমরা তাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করছি; কিন্তু এতে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন। এর আগে আমার এক ভাই ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, দুই বছর তার চিকিৎসায় পরিবারের অনেক টাকা খরচ হয়েছে। তাই এই মুহূর্তে এত টাকা জোগাড় করা আমাদের জন্য প্রায় অসম্ভব। কায়সার হামিদ আরো বলেন, জমি বিক্রি করে টাকার সংস্থান করার চেষ্টা করছি; কিন্তু এতে কিছুটা সময়ের প্রয়োজন। জানি না, সরকারিভাবে কোনো সাহায্য পাবো কি না। সরকারসহ সবার কাছে আমি সহায়তা চাই। এই মুহূর্তে মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা এখন খুব দরকার।