যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

Printed Edition

কামাল হোসেন ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। এরমধ্যে গণপরিবহন ছাড়াও বেশিভাগই ছিল খোলা ট্রাক, ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ও মোটরসাইকেল।

এই মহাসড়কের যমুনা সেতু দিয়ে শুক্রবার রাত ১২ থেকে শনিবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা। গতকাল রোববার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানান।

এসব যানবাহনের মধ্যে টাঙ্গাইলের অংশে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৩৬টি যানবাহন পার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, সিরাজগঞ্জের অংশে সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ ৯ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের পর কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। কিন্তু সেতু পারাপার বা মহাসড়কে কোনো যানজট হয়নি। স্বাভাবিক গতিতেই যান পারাপার হচ্ছে। এ ছাড়াও মহাসড়কে যানজট নিরসনে সেতুর পূর্ব ও পশ্চিম অংশে মোটরসাইকেলসহ ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপন করায় যানজট হওয়ার আশঙ্কা দুরীভূত হয়েছে।