সিলেটের লালাখালে শাবিপ্রবির ছাত্রের মৃত্যু

Printed Edition

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মুসআব আমীন। তিনি শাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুসআব আমীন শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল হলেও পরিবার গাজীপুরে বসবাস করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার দুপুরে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী লালাখাল ভ্রমণে যান। বেলা ১টার দিকে তারা লালাখাল জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় মুসআব আমীন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করে।

শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন সিলেটের লালাখাল ঘুরতে গিয়েছিলাম। সেখানকার জিরো পয়েন্ট এলাকায় বেলা ১টার দিকে নদীতে গোসল করতে নামি সবাই। ১০ মিনিট পর মুসআবকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর খোঁজাখুঁজি শুরু করি, পুলিশকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।’