কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। একই সময়ে চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ভোররাতে একদল চোর ট্রাকযোগে বাগমারা এলাকায় গরু চুরি করতে এলে এলাকাবাসী টের পেয়ে চারদিক থেকে ধাওয়া করে তাদের ঘিরে ফেলে। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের মো: আজহারুল ইসলাম (৩৫), ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগের মোহাম্মদ সেলিম হোসেন (৩৮) এবং সিলেট সদর উপজেলার ঘাসিটোলার কৃষ্ণ বর্মন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চোরদের ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা, এতে তারা মারা গেছে। আরো কয়েকজন পালিয়ে গেছে।’ তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গরু চুরি রোধে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গরু চুরিকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।



