সিলেট ব্যুরো
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারা টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানালেন ৪র্থ বারের মতো নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ৩২ জন কাউন্সিলর নিয়ে ‘অ্যাস্পায়ার’ পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তিনি ধন্যবাদ জানান কমিউনিটিকে, যারা তার সমাজ বিপ্লবের কর্মসূচিতে আস্থা রেখেছেন। সাশ্রয়ী জীবনযাপন ও সামাজিক হোমবিল্ডিং প্রোগ্রাম চালিয়ে যেতে আরো চার বছরের জন্য মানুষ অ্যাস্পায়ার পার্টিকে ম্যান্ডেট প্রদান করেছেন। মেয়র কৃতজ্ঞতা জানিয়ে সকল প্রকার বিভাজনের পথ পরিহার করে আশাবাদী চেতনার রাজনীতিকে বেছে নেয়ার জন্য অনুরোধ জানান।
ব্রিটেনজুড়ে লেবার পার্টির শক্ত ঘাঁটিগুলো যখন চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের এই বিশাল জয় বিলেতের রাজনীতিতে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। নিজের এবং দলের বিশাল বিজয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মেয়র লুৎফুর রহমান তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরো বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেন।
লুতফুর রহমান বলেন, সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা, বয়স্ক এবং প্রতিবন্ধী বাসিন্দাদের জন্য বিনামূল্যে সেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, সাশ্রয়ী মূল্যের হাজার হাজার সামাজিক আবাসন নির্মাণ, ইয়ুথ ক্লাব পরিচালনা এবং বিনামূল্যে সাঁতার কাটার সুযোগসহ অনেক অনেক জনহিতকর কাজ অধিকতর গুরুত্বের সাথে চালিয়ে যাবেন।



