সিলেটে রেল প্রতিমন্ত্রী

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েল গেজে রূপান্তরে সমীক্ষা চলছে

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করতে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ সেবা চালু করা দরকার। সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। এ জন্য লাইন ডুয়েল গেজে রূপান্তর করতে সরকার কাজ করছে। গতকাল শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দেবে। সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিন সঙ্কট রয়েছে। এসব সমাধানে কাজ করবে সরকার।

রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে হাবিবুর রশিদ বলেন, এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেয়া হবে না। তিনি বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেয়া হয়েছে। দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে শনিবার ভোরে ট্রেনে চড়ে ঢাকা থেকে সিলেট আসেন প্রতিমন্ত্রী। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ:) এবং শাহপরানের (রহ:) মাজার জিয়ারত করেন। পরে দিনব্যাপী সড়ক ও জনপথ অধিদফতর, বিআরটিসি, বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।