৩ ভেনুতে জাতীয় অ্যাথলেটিক্স

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির অধীনে তিনটি মিট হলো। তবে কোনো মিটেই তারা স্পন্সর জোগাড় করতে পারেনি। এরপরও তারা করে যাচ্ছে একের পর এক মিট। সেই ধারাক্রমেই আজ থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স মিট। এই মিট থেকে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য অ্যাথলেট বাছাই করা হবে। জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম।

এবারের মিট এক ভেনুতে হচ্ছে না। ম্যারাথন আজ ভোরেই পূর্বাচলের তিনশত ফিটে অনুষ্ঠিত হয়ে যাবে। জাতীয় স্টেডিয়ামে এখন ঘাস লাগানোর কাজ চলছে। তাই থ্রো ইভেন্টগুলো হবে আর্মি স্টেডিয়ামে। বাকি ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামেই। আজ প্রথম দিনেই আকর্ষণীয় ১০০ মিটার ¯িপ্রন্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই মিটের উদ্বোধন করবেন। তার সামনেই ১০০ মিটারে স্বর্ণের জন্য লড়বেন নৌবাহিনীর অ্যাথলেট যুক্তরাজ্য-প্রবাসী ইমরানুর রহমান।

আসরে পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার। স্বর্ণ জয়ীরা পাঁচ হাজার, রৌপ্য জয়ীরা তিন হাজার এবং ব্রোঞ্জ পদক পাওয়ারা পাবেন দুই হাজার টাকা করে পুরস্কার। এ ছাড়া নতুন রেকর্ডধারীদের দেয়া হবে ২০ হাজার টাকা করে। আগের মিটে এ পুরস্কার ছিল ১০ হাজার টাকা। এবার তা দ্বিগুণ করার কথা জানান সেক্রেটারি শাহ আলম। তবে জাতীয় মিটে কোনো স্পন্সর জোগাড় করতে না পারাটা ব্যর্থতা হিসেবেই উল্লেখ করলেন ফেডারেশন কর্মকর্তারা।