তিন দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সমাবেশ কাল

Printed Edition

রাজশাহী ব্যুরো

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামীকাল শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, শনিবার বেলা ৩টায় ঐতিহাসিক মাদরাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, সমাবেশে অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটবে এবং এর মাধ্যমে জনদাবি আদায়ের আন্দোলনকে আরো শক্তিশালী করা হবে।

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষক ও সাধারণ মানুষের দুর্দশা এবং বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের মতো বিষয়গুলো তুলে ধরে বক্তারা বলেন যে, বর্তমান সঙ্কটে জনগণের প্রত্যাশা ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করা জরুরি। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত বলে জোটের নেতারা সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করেন।

বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান। এ ছাড়া জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৬ মে-র সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।