চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিএমপির বিভিন্ন থানা। গতকাল মঙ্গলবার নগরজুড়ে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি সূত্র জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। গত সোমবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন সানমার থেকে জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল। ঝটিকা মিছিলটি সানমার শপিং কমপ্লেক্সের সামনে থেকে জিইসি মোড় পর্যন্ত গিয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে আশপাশের এলাকার পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
খুলশী থানা পুলিশের সাঁড়াশি অভিযান : খুলশী থানা পুলিশের ওসি মো: আরিফুর রহমানের নেতৃত্বে থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে চট্টগ্রাম শহরে মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রনি মজুমদার (২৪), মো: হামিদ (২৩), মো: শাহাদাত (২৪), অমিত কান্তি দে (২২), মো: আব্দুল কাদের (৪০), মো: শাওন(২৪), রিমন রায় (২৪), মো: জালাল (৩০), মো: শাকিল (২৯), মো: রাসেল (২৬), মো: স্বপন (২৫), মো: তারেক (২৪) এবং মো: তারা মিয়া (৬৫)। এদের মধ্যে তারা মিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে অর্থের জোগান দাতা বলেও পুলিশ জানায়।



