সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এ সময় হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: ফারহানা বিনতে ফারুক, মেডিক্যাল কর্মকর্তা ডা: মো: সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স মো: ফজলুল হক সরকার ও রেবা রাণী বসুনীয়া। এ ছাড়া ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, গত ২৯ মে বিকেলে এক শিশুর চিকিৎসা চলাকালে জরুরি বিভাগে রোগীর স্বজনদের সাথে চিকিৎসক ও কর্মচারীদের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে তারা আরো লোকজন নিয়ে এসে হাসপাতালে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটান। এতে হাসপাতালের দুই কর্মচারী আহত হন এবং চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হয়।
তারা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ডা: ফারহানা বিনতে ফারুক বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বহির্বিভাগের সেবা চালু করা হবে না। নিরাপদ কর্মপরিবেশ ছাড়া চিকিৎসাসেবা দেয়া সম্ভব নয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



