রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেল সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় লাশটি ট্রেনের ছাদ থেকে নামায়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
পাংশা সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর লাশ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।



