গলাচিপায় ১৫০০ ইয়াবা নিয়ে নারীসহ ৪ জন আটক

Printed Edition

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ ইয়াবা ও মাদক বিক্রির সাত হাজার ২৯০ টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- রোকেয়া বেগম (৪৭), ইমন মিয়াজি (২৩), রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও শাকিল সরদার (১৯)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক হাজার ৫০০ ইয়াবা ও বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘ দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত থাকার তথ্য দিয়েছে।

গলাচিপা থানার ওসি (তদন্ত) ঝিলন সিকদার জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।