জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

ভর্তি পরীক্ষার কন্ট্রোল রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন প্রফেসর ড. মো: সেলিম রেজা, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার হজরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রতœা।

কন্ট্রোল রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো: লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকর্পূব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো: আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী এবং শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।