রিয়ালে এমবাপ্পে-আরবেলোয়ার বিবাদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লিগে ৩৫ রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-০তে হারিয়ে গত ১১ মে ট্রফি নিশ্চিত করেছিল ন্যূ ক্যাম্পের দলটি। শিরোপা নিশ্চিত হওয়ার পরের রাউন্ডে আলাভেজের বিপক্ষে হ্যান্সি ফ্লিকের দল হারলেও রিয়াল ওভেইদোর বিপক্ষে ২-০তে জয় পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বেঞ্চ থেকে ৬৯ মিনিটে মাঠে নামেন ফ্রান্স স্ট্রাইকার। ঊরুর চোট কাটিয়ে ফেরা এই স্ট্রাইকারকে মাঠে ভালোভাবে নিতে পারেননি রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। সান্তিয়াগো বার্নাব্যুতে অনেক ফাঁকা আসনের মধ্যে যারা ছিলেন, বেশির ভাগই দুয়ো দেন এমবাপ্পেকে। গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের দুই অর্ধের গোলে রিয়াল জিতলেও ব্যাপারটা এখানেই শেষ হয়নি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪১ ম্যাচে ৪১ গোল করেছেন এমবাপ্পে। এমন একজন তারকা সমর্থকদের দুয়োর শিকার হলে বুঝতে হবে, সমস্যা মাঠের বাইরের। এমবাপ্পের ক্ষেত্রেও ঘটেছে তাই। তবে সমর্থকদের দুয়ো নিয়ে ফরাসি তারকার মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। বেশ কিছুদিন ধরেই গৃহদাহ চলছে রিয়ালে। এর আগে সংবাদমাধ্যমে আলোচিত খবর ছিল ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনির মধ্যে মারামারি। তবে ম্যাচ শেষে নতুন বিতর্কের জন্ম দিয়ে এমবাপ্পে এবার সেগুলোকেও পেছনে ফেলে দিয়েছেন। তার দাবি, রিয়াল কোচ আলভারো আরবেলোয়া নাকি চতুর্থ পছন্দের ফরোয়ার্ড মনে করেন ফরাসি তারকাকে।

সাংবাদিকদের এমবাপ্পে বলেন, ‘দুয়ো...এটাই জীবন। মানুষ ক্ষুব্ধ থাকলে তাদের মতামত পাল্টানো কঠিন। রিয়াল মাদ্রিদ ও আমার মতো বিখ্যাত খেলোয়াড়ের জীবনে এটা মেনে নিতেই হবে। তবে ভালো আছি, শতভাগ প্রস্তুত। (একাদশে) খেলতে পারিনি; কারণ, কোচ আমাকে জানিয়েছেন, তার কাছে আমি দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। আমি মাস্তানতুয়োনো, ভিনিসিয়াস ও গঞ্জালো থেকে পিছিয়ে। আমি এটা মেনে নিয়েছি এবং যতটুকু খেলার সময় পেয়েছি খেলেছি। সম্ভবত ভালোই খেলেছি।’

রিয়ালের দ্বিতীয় গোলদাতা বেলিংহামের বলের যোগানদাতা ছিলেন এমবাপ্পে। ফরাসি তারকা রিয়ালের একাদশে ফেরার লক্ষ্যে বলেন, ‘একাদশের হয়ে নামার জন্য প্রস্তুত ছিলাম। তবে আমি কোচের ওপর রাগান্বিত নই। সব সময় কোচের সিদ্ধান্তকে সম্মান করতে হয়। আমি একাদশে ফেরার চেষ্টা করব।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পের মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন আরবেলোয়া। রিয়ালের কোচ বলেন, ‘আমার যদি চারজন ফরোয়ার্ড থাকত! আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। আর আমি এমবাপ্পেকে এমন কিছু কখনোই বলিনি। হতে পারে সে আমার কথা ভুল বুঝেছে। এর বাইরে আমার আর কিছু বলার নেই। কোনো অবস্থাতেই আমি তাকে ‘চতুর্থ পছন্দের’ ফরোয়ার্ড বলতে পারি না।’

তিনি আরো বলেন, ‘এমবাপ্পে খেলতে না পেরে অখুশি, তা আমি বুঝতে পারছি। পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটিই ছিল সবচেয়ে যৌক্তিক ও স্বাভাবিক কাজ। আর ‘মিক্সড জোনে’ কিলিয়ান ঠিক কী বলেছে, তা না শোনা পর্যন্ত আমি তার বাক্য ধরে মন্তব্য করতে চাই না। তবে আমি যতক্ষণ দায়িত্বে আছি, কে খেলবে আর কে খেলবে না, সেই সিদ্ধান্ত আমিই নেবো। তাদের নামে (কতটা বড়) আমার কিছু যায়-আসে না।’