টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা

বন্ধ ও অলাভজনক কারখানা দ্রুত চালু এবং লাভজনক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ করেন : পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোডশোর আয়োজন করার কথাও বলেন তিনি। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একইসাথে তিনি এসব কারখানায় দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেয়া হচ্ছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনডিপির প্রতিনিধির সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার সকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কক্ষে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের নেয়া বিভিন্ন উদ্যোগ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সাথে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।