চাঁদপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার সফর নির্বিঘœ করতে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সড়কের সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা নিশ্চিত এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দফতর ইতোমধ্যে মাঠে নেমেছে। কুমিল্লা-চাঁদপুর সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন রঙের প্রলেপ দেয়া হচ্ছে। পাশাপাশি সভাস্থল ঘিরে প্যান্ডেল নির্মাণ, মঞ্চ প্রস্তুত এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আজ দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। বেলা পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন দলের প্রধান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল বেলা ১১টায় প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপেক্ষ দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।
তিনি বলেন, কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি- অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি। প্রধানমন্ত্রীর চাঁদপুরে আসার খবরে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।
নিরাপত্তা ও প্রস্তুতি কাজ দেখতে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো: রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুরে নির্ধারিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এই উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসস জানায়, সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও; নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন’-শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
এরপর প্রধানমন্ত্রী শিশু দু’টির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে।
এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।
আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদলটি শিশু দু’টির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ ‘মাসিক শিক্ষা বৃত্তি’ও ঘোষণা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আবদুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।



