নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে নয়, বরং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে। দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
গত সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি ও নরসিংদী-১ আসনের এমপি খাইরুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি আলহাজ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মসলেহ উদ্দিনসহ জেলা বিএনপি, যুবদলের ও ছাত্র দলের স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই দেশে স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। ইতোমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছর সামাজিক সুশৃঙ্খলতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি উল্লেখ করেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিএনপি পরিবার এই বীরদের পাশে থাকবে এবং একটি মানবিক রাষ্ট্র গড়তে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।



