ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও প্রিন্সিপাল মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী। গত বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি এ মনোনয়ন চূড়ান্ত করে।
মাওলানা আব্দুস সালাম একজন প্রখ্যাত আলেম ও দক্ষ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘ দিন ধরে তিনি ছাতক ও দোয়ারাবাজার এলাকায় সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান স্থানীয়রা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুস সালাম বলেন, অবহেলিত এই জনপদের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিষ্ঠার সাথে কাজ করতে চান। এ জন্য ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ তাকে নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। ছাতক ও দোয়ারাবাজারের মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।



