ক্রীড়া প্রতিবেদক
বয়সভিত্তিক সাফে গত ১০-১২ বছর ধরেই বিভিন্ন সময়ে ট্রফি জিতে আসছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল। তবে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ প্রথম ফুটবলে কোনো সাফল্য। ৩ মার্চ মালদ্বীপের মালেতে ভারতকে ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে মিঠু রহমানদের চ্যাম্পিয়ন হওয়া। তাই এ সাফ ট্রফি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তার হাতে ট্রফিটি তুলে দিতে চান তারা। তাদের পক্ষ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। এ জন্য তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করতে। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেন। তখনই এই দাবি ফুটবলারদের। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আমি বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীর সাথে চ্যাম্পিয়ন দলের সাক্ষাৎ করার ব্যবস্থা অচিরেই করবো।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এ সংর্ধ্বনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের একলাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সে সাথে তাদের ক্রীড়া কার্ডের আওতায় আনারও ঘোষণা দেন। মন্ত্রী আরো উল্লেখ করেন এ ফুটবলাররা যদি সিনিয়র জাতীয় দলে ডাক পান তাহলে ক্রীড়া ভাতা পাবেন।



