মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা আমানউল্লাহ আমানের

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ সময় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমানউল্লাহ আমান।

শনিবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে বর্ষা মৌসুমের আগেই কেরানীগঞ্জে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে দেয়া ফ্যামিলি কার্ড, খাল খনন এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার প্রতিশ্রুতি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে।

এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক কারবার, চাঁদাবাজি, ভূমি দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন দফতরের নেতৃত্বে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষভাবে এই অভিযান পরিচালনা করা হবে।