মাদারগঞ্জ (জামালপুর) থেকে সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তেঘরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ ও জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চবিদ্যালয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, বিভাগভেদ না করে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় তিন হাজার ৫০০ টাকা করে নেয়া হয়েছে। এ ছাড়া কোচিংয়ের নামে আরো দুই হাজার টাকা এবং টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জামানত আদায় করা হয়েছে, যার কোনো লিখিত নীতিমালা নেই।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ফি দুই হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৩১৫ টাকা নির্ধারিত। বিলম্ব ফি-সহ ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ ও ২৫ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেয়ার সুযোগ রয়েছে।
এই বিষয় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এস এম ফরহাদ হোসেন বলেন, টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য অতিরিক্ত নেয়া হয়েছে এবং ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি-সহ তিন থেকে চার হাজার টাকা নেয়া হয়েছে।
জোনাইল নয়াপাড়া ফাতেমা খান মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ফেল করা শিক্ষার্থীদের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এ বাবদ অর্থ নেয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



