কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

এক লাখ বেকার যুবক-যুবতীর উদ্যোক্তা তৈরিতে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল দিলো বাংলাদেশ ব্যাংক। মাত্র ৭ শতাংশ সুদে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে এক থেকে তিন বছরের জন্য ঋণ দেয়া হবে। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মো: মোস্তাকুর রহমান। এ সময়ে কর্মসংস্থান ব্যাংকের চেয়াম্যান ড. মতিউর রহমান, ব্যবস্থাপনা অরুণ কুমার, পরিচালনা পরিষদের পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে এক হাজার ২০০ কোটি টাকা চাওয়া হয়। বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার তহবিল জোগান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি তিন মাস অন্তর ২৫০ কোটি টাকা করে এক বছরে চার কিস্তিতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকা ছাড় করা হবে। এ তহবিল থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবে। এ সাত শতাংশের মধ্যে বাংলাদেশ ব্যাংক পাবে ৪ শতাংশ এবং তহবিল পরিচালন মুনাফা হিসেবে কর্মসংস্থান ব্যাংক পাবে ৩ শতাংশ। ব্যাংকটি পর্যায়ক্রমে এক লাখ গ্রাহকের মধ্যে গরু, ছাগল, হাঁস-মুরগি, মৎস্য ও কুটির শিল্পের জন্য এক লাখ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঋণ নিতে পারবে। প্রসংঙ্গত, কর্মসংস্থান ব্যাংক এ পর্যন্ত ১৪ লাখ শিক্ষিত যুবক ও যুবতীর উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রেখেছে।