ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট অ্যান্ড সাইবার সেফটি ওয়ার্কশপ ২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ঈদুল আজহার তৃতীয় দিন গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে তরুণদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা, পর্দায় গল্প বলা, লেখালেখি, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে পাঁচটি সেশন পরিচালনা করেন খ্যাতিমান আইনজীবী, গবেষক, সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মীরা।
প্রশিক্ষকদের মধ্যে ছিলেন ঝালকাঠির সিনিয়র আইনজীবী মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস সিকদার, গবেষক ইসমাঈল মুসাফির, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক খালেদ সাইফুল্লাহ, আয়োজক সংগঠন ইয়াসের সাধারণ সম্পাদক মো: মাহিদুল ইসলাম রাব্বি ও যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।



