ক্রীড়া ডেস্ক
চোটের কারণে চলতি মৌসুম তেমন একটি ভালো যায়নি বেলজিয়াম তারকা লুকাকুর। তবে তাকে দলে রেখেই আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। ৩৩ বছর বয়সী লুকাকু চলতি মৌসুমে ন্যাপোলির হয়ে কোনো ম্যাচে শুরুর একাদশে নামেননি। সাতটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র একটি গোল করেছেন তিনি। ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে সেই গোলের পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস ধরে বেলজিয়ামেই পুনর্বাসনে ছিলেন এই ফরোয়ার্ড।
তবে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় তার অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন গার্সিয়া। জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে ৮৯ গোল করেছেন লুকাকু। সর্বশেষ গত জুনে ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলেছিলেন তিনি।
লুকাকুর বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেস। ব্রাসেলসে জন্ম নেয়া ২১ বছর বয়সী এই ফুটবলার ইতালিয়ান ও স্প্যানিশ বংশোদ্ভূত। বয়সভিত্তিক পর্যায়ে বেলজিয়ামের হয়ে খেললেও ২০২৪ সালে স্পেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে আবার বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
এ ছাড়া চোটে থাকা ডিফেন্ডার জোনো ডেবাস্টকেও দলে রাখা হয়েছে। স্পের্টিং সিপির হয়ে অনুশীলনে চোট পাওয়া এই ডিফেন্ডারের বিশ্বকাপ খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
তবে বড় স্বস্তি হয়ে এসেছে গোলরক্ষক থিবো কোর্তয়ার ফেরা। রিয়াল মাদ্রিদ তারকা ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন।
এবারের বিশ্বকাপ হবে কোর্তোয়া, লুকাকুদের টানা চতুর্থ বিশ্বকাপ। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে বেলজিয়াম এবারো বড় কিছু করার স্বপ্ন দেখছে। গ্রুপ ‘জি’-তে বেলজিয়ামের প্রতিপক্ষ মিসর, ইরান ও নিউজিল্যান্ড।



