জাকির-নাঈম-সবুজের সেঞ্চুরি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড পড়েছিল বৃষ্টির কবলে। চারটি ম্যাচের সমাপ্তি হলেও আবাহনী-ব্রাদার্স ও মোহামেডান-রূপগঞ্জ টাইগার্সের ম্যাচটি গড়িয়েছে আজ রিজার্ভ ডেতে। গতকাল সেঞ্চুরি করেছেন মোহামেডানের নাঈম শেখ (১৪৫), ঢাকা লেপার্ডরেস জাকির হাসান (১৩৭) এবং গুলশান ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন সবুজ (১৩২)।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে নাঈমের সেঞ্চুরিতে ৩৪৫ রান করে মতিঝিল পাড়ার ক্লাবটি। ১৩৬ বলে ৫ চার এবং ১২ ছক্কায় ১৪৫ রান করেন এই ওপেনার। এ ছাড়া ইয়াসির আলীর অবদান ৬৯ রান। জবাবে ১৬.৫ ওভারে ৫৩ রান করতেই হারের প্রহর গুনছে রূপগঞ্জ। ৪ উইকেট নিয়ে একাই ধস নামান মৃত্যুঞ্জয় চৌধুরী। মো: রাকিব ৮ এবং সজিব মিয়া ৯ রান নিয়ে রিজার্ভ ডেতে খেলতে নামবেন।

ওপেনার জাকির হাসানের দারুণ এক সেঞ্চুরিতে (১৩৪ বলে ১৩৭) বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে ৯ উইকেটে ৩০৬ রান করে ঢাকা লেপার্ডস। রান তাড়ায় সিটি ক্লাব ২০.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়া খেলা আর শুরু হয়নি। ডিএল মেথডে ওই সময়ে সিটির ঠিক ৯৬ রানই করতে হতো। আর তাতে ১ রানের জয় পায় দলটি।

অগ্রণী ব্যাংকের বিপক্ষে বৃষ্টি আইনে ৬০ রানের জয় তুলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শাহাদাত হোসেন সবুজের সেঞ্চুরিতে ৩০১ রান করেছিল তারা। ১২১ বলে ১৩২ রানের ইনিংস উপহার দেন সবুজ। ২৬ ওভারে ১৯৩ রানের নতুন লক্ষ্যে ১৩২ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক।

ক্রিকেটার্স অ্যাকাডেমিতে বৃষ্টি আইনে গাজী গ্রুপকে ১০ রানে হারিয়েছে বসুন্ধরা। আগে ব্যাট করে ২৩৫ রানে অলআউট হয় তারা। বৃষ্টির কারণে ৩৪ ওভারে ১৯৪ রানের নতুন লক্ষ্য দেয়া হয় গাজী গ্রুপকে। জবাবে ১৮৩ রানে গুটিয়ে যায় দলটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের পুঁজি ছিল ২২৭ রান। রান তাড়ায় ২৫.৪ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০৮ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। বৃষ্টি আইনে ২০ রানের জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

পুবেরগাঁওতে মাহিদুল ইসলাম (৮৩ রান), মেহেরব হাসান (৭৭ রান) এবং মোসাদ্দেক হোসেনের (৬২ রান) ফিফটিতে ২৮৩ রান করে আবাহনী। বৃষ্টির কারণে ব্রাদার্সের ইনিংসের ১২তম ওভার শেষে খেলা বন্ধ হয়। তার আগে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করেছিল ব্রাদার্স। জাহিদুজ্জামান খান ১৬ এবং আদিল বিন সিদ্দিক ১৪ রান নিয়ে রিজার্ভ ডেতে আজ ব্যাট করবেন। জয়ের জন্য ৩৮ ওভারে আরো ২৩৫ রান করতে হবে ব্রাদার্সকে।