দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে। গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় এই তাপমাত্রার রেকর্ড করা হয়। এর আগে দুপুর ১২টায় দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি তীব্র হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় গড় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
এদিকে তীব্র গরমে মানুষ, গবাদিপশুসহ অন্যান্য প্রাণিকূল অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো সবচেয়ে বেশি বিপদে আছে। কৃষি শ্রমিকরা প্রচণ্ড গরমের কারণে মাঠের ধান ও ভুট্টা কাটা মাড়াই করতে পারছেন না। গরমের কারণে কিছু সময় পর পর তাদের পানি পান করে কৃষ্ণা নিবারণ করতে দেখা গেছে।



