মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ডে) বিষ প্রয়োগ করে মাছ নিধনে লিখিত অভিযোগ করেছেন ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নেন হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ রাতে বংশীকুন্ডা বাজার-সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। এতে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে উঠেছে। এ অবস্থায় সমিতির সদস্যদেরকে পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি বলেন, সমিতির পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণ দাবি করেছি।
স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগ মৎস্য সম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি বলে তারা দাবি করেন।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



