ক্রীড়া প্রতিবেদক
ঢাকা টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনটি কাটল হতাশায় মোড়ানো। শেষ ছয় উইকেটে বাংলাদেশ যোগ করতে পারে মাত্র ১১২ রান। ফলে স্বাগতিকরা থেমে যায় ৪১৩ রানে। এরপর বোলিংয়ে নেমেও হতাশ করেছেন টাইগার বোলাররা। নাহিদ-তাসকিনদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান এক উইকেটে করে ১৭৯ রান। আজ পাকিস্তান তৃতীয় দিনের খেলা শুরু করবে ২৩৪ রানে পিছিয়ে থেকে। তাদের হাতে এখনো ৯ উইকেট।
দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ঘাটতির ছিল। তিনি বলেন, ‘সকালে পাকিস্তান ভালো বোলিং করেছে। আমার মনে হয়, আমরা যদি আরো ৫০ রান করতে পারতাম, তবে অনেক ভালো হতো, যদিও আমরা ৪০০ রান অতিক্রম করেছি। বোলিংয়ের ক্ষেত্রে বলব, আজ (গতকাল) আমরা একটু এলোমেলো বল করেছি। যেহেতু এটি টেস্ট ক্রিকেট, আমাদের বিশ্লেষণের সুযোগ আছে- কোথায় বল করলে ব্যাটসম্যানরা বেশি চাপে থাকবে। আশা করি আমরা তা কাটিয়ে উঠতে পারব।’
ওভারপ্রতি প্রায় চার রান করে তুলেছে পাকিস্তান। লম্বা সময় পর টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ ৮ ওভারে দিয়েছেন ৪০ রান, ইবাদত হোসেন ৮ ওভারে দেন ৩৮ রান। নাহিদ রানার ৯ ওভার থেকে এসেছে ৪৭ রান। তিনজনই বেশ আলগা বল করেছেন। সালাউদ্দিনের মতে, বোলারদের পরিকল্পনাহীন বোলিংয়ের সুযোগ নিয়েছে পাকিস্তান, ‘অনেক সময় বাজে বল করলে ব্যাটিং করা খুব সহজ হয়ে যায়। আমরা কিছুটা এলোমেলো বল করেছি, যার ফলে রান দ্রুত উঠেছে। আমরা যদি সঠিক চ্যানেলে বল করতাম, তবে হয়তো পাকিস্তান এত সহজে রান করতে পারত না।’
বাংলাদেশের পেসাররা নিয়মিত ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। গতির দিকে বেশি মন দিতে গিয়ে লাইন-লেন্থে গড়বড় হওয়া বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না সালাউদ্দিন। ‘উইকেটে ঘাস থাকলে ফাস্ট বোলাররা অনেক সময় উত্তেজিত হয়ে পড়ে এবং লাইন-লেন্থ হারিয়ে ফেলে। ভালো জায়গায় বল করা খুব জরুরি ছিল। উইকেটে মুভমেন্ট থাকায় বোলাররা হয়তো ভেবেছিল জোরে বল করে ব্যাটসম্যানকে পরাস্ত করবে; কিন্তু ভালো জায়গায় বল করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তৃতীয় দিনেই বাংলাদেশের পেসাররা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস, ‘এই উইকেটে বোলারদের এখনো অনেক কিছু করার আছে। আমরা একটা সেশন ভালো করিনি, এটা সবাই বুঝতে পারছে। এটি দ্রুত সমাধান করা সম্ভব। আমাদের ফাস্ট বোলাররা অভিজ্ঞ এবং তারা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন। এখানে স্পিনারদের জন্য খুব বেশি কিছু নেই।’
বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রণহীন বোলিং করলেও পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ধারাবাহিকভাবে ভালো বোলিং করে গেছেন। পাকিস্তানের এই পেসারের প্রশংসায় সালাউদ্দিন বলেন, ‘সে এক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারে, যা তার প্রধান শক্তি। সে আগেও এটি করেছে। প্রথম দিনে তাকে খুব ভালোভাবে সামলেছিলাম; কিন্তু দ্বিতীয় দিনের কন্ডিশন সে ভালোভাবে কাজে লাগিয়েছে। লিটন দাস যদি আরেকটু দীর্ঘ সময় ব্যাটিং করতে পারত, তবে আমাদের জন্য ভালো হতো।’
পাকিস্তানের ইনিংসে সিøপে দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দু’টি ক্যাচ মিস করেছেন। যদিও খুব সহজ ক্যাচ ছিল না। তার পরও সিøপ ফিল্ডার হিসেবে এমন ক্যাচ ধরতে পারাটা দলকে এগিয়ে রাখে। বাংলাদেশের সিøপ ফিল্ডিং নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমাদের কিছু ক্ষেত্রে উন্নতির অনেক প্রয়োজন, বিশেষ করে সিøপ ফিল্ডিংয়ে- এটি একটি বিশেষায়িত জায়গা।’



