আইআইইউসির ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু শনিবার

Printed Edition

আগামী শনিবার সকালে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ২য় এবং আইআইইউসির ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। সকাল সাড়ে ৯টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। আইআইইউসির ভিসি প্রফেসর ড. আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কানাডা কেপবৃটন ইউনিভার্সিটির সাবেক শিক্ষক এবং ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভার্সিটির এডজান্ক্ট প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার অর্থনীতি ও মুআমালাত অনুষদের প্রফেসর দাতো ড. মুস্তাফা বিন মোহাম্মদ হানিফাহ, পাকিস্তানের ইউনিভার্সিটি অব সারগোধার প্রোভিসি প্রফেসর ড. মাসুদ সরওয়ার আওয়ান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. জামালিয়াহ সাঈদ এবং ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিনের ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. ফাউজিলাহ বিনতি সালেহ।

কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে মোট ১৬৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১১৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৪টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৬টি, বিদেশী বিশ্ববিদ্যালয়ের ২১টি, নন-ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটের একটি, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটের একটি এবং একটি গবেষণা কেন্দ্রের গবেষণা প্রবন্ধ কনফারেন্সে উপস্থাপিত হবে। মোট ১৫টি অ্যাকাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।