পানিসম্পদমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

বাসস

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

গতকাল বুধবার মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হওয়ার পর তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরো গতিশীল করবে। গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।