ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তিন লাখ ১০ হাজারটি অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে উদ্ধারকৃত রেণু ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের পথে রেণু পোনাগুলো জব্দ করা হয়।
হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিচালিত এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
কারিশমা আহমেদ জাকসি বলেন, অবৈধভাবে সংগ্রহ করা এসব রেণু পোনা খুলনায় পাচার করা হচ্ছিল। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, প্রজনন মৌসুমে নদী থেকে রেণু সংগ্রহ ও পাচার আইনত দণ্ডনীয় অপরাধ।



