বিশেষ সংবাদদাতা
দেশে ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই বৃদ্ধির হার ০.৫ শতাংশ বলে নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে প্রকাশ করা হয়েছে। তথ্য মতে, বর্তমানে দেশে হালনাগাদ ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এই ভোটার তালিকা প্রকাশ বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসির এনআইডি’র মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বারিত এই হালনাগাদ ভোটার তালিকা গতকাল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য বলছে, দেশে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ছয় কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন। সংসদ নির্বাচনে ভোটার ছিল মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যার মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩৪ জন।
পরে ইসির খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় পাঁচ লাখ ১৮ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ তিন লাখ ২৭ হাজার ৫০২ জন, মহিলা এক লাখ ৯১ হাজার ২৩৬ জন এবং হিজড়া ১৯ জন। আর অথরিটি কর্তৃক যাচাই-বাছাইয়ান্তে অন্তর্ভুুক্ত ভোটার এক লাখ ৯ হাজার ৩শ’জন। এখানে পুরুষ ৭০ হাজার ৩২২ জন, মহিলা ৩৮ হাজার ৯৮৮ জন। হিজড়া কমেছে ১০ জন।
আর ভোটার তালিকা হালনাগাদ করার পর ছয় লাখ ২৮ হাজার ৫৭জন ভোটার নতুন করে যুক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ তিন লাখ ৯৭ হাজার ৮২৪ জন, মহিলা দুই লাখ ৩০ হাজার ২২৪ জন এবং হিজড়া ৯ জন।



