ক্রীড়া প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, প্রভাব ফেলছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। আঞ্চলিক অস্থিরতার রেশ এসে পড়েছে ক্রিকেট সূচিতে। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মার্চে নির্ধারিত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ এখন অনিশ্চয়তার মুখে। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফর চূড়ান্ত করা হবে। ভ্রমণসংক্রান্ত অনিশ্চয়তা বা নিরাপত্তা ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশে যাবে। এ কারণেই সিরিজের দল ঘোষণায় বিলম্ব হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে বিসিবি পরিচালক ও বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেছেন, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে পাকিস্তান দল ভ্রমণ করতে পারবে না, তাহলে কিছু করার নেই। তবে এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে লিখিত বা মৌখিক না-বোধক কিছু পাইনি।



