পাম্পে নেই জ্বালানি তেল, বাইরে ২০০ টাকা লিটার

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসহ বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকার অজুহাতে ক্রেতাদের ফিরিয়ে দেয়া হলেও পাশের বাজারেই বোতলজাত পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে।

সরেজমিন দেখা গেছে, ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে মোটরসাইকেল আরোহীরা পড়েছেন চরম ভোগান্তিতে। উপজেলার পাম্পগুলো কয়েক দিন ধরে তেলের সঙ্কট দেখিয়ে সরবরাহ বন্ধ রাখলেও খোলাবাজারে প্রতি লিটার পেট্রল ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিরুপায় হয়ে অনেক চালক রাস্তার পাশের ছোট দোকান থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন। এতে এক দিকে বাড়ছে ব্যয়, অন্য দিকে নিম্নমানের জ্বালানির কারণে ইঞ্জিনের ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, পাম্পে তেল নেই বলা হলেও পাশের দোকানেই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তেল। তাদের দাবি, পাম্প থেকে তেল সরিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বিক্রি করা হচ্ছে।

অন্য দিকে পাম্প মালিকরা ডিপো থেকে সরবরাহ কম থাকার কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট নেই। অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার আশায় কৃত্রিম সঙ্কট তৈরি করছে।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পরিবহন চালকরা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মজুদদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলার পাম্পে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।