৬২ কোটি টাকার অবৈধ সম্পদ

সাবেক এমপি শেখ আফিল দম্পত্তির বিরুদ্ধে দুদকের মামলা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার তাদের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, শেখ আফিল উদ্দিনের নামে এক কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে আট কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। এর মধ্যে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র সাত কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সাথে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ চার হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

অন্য দিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। অনুসন্ধানে তাহেরা সোবহার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে তিন কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি পাঁচ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া তার তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার সন্দেহজনক সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামেও নোটিশ জারি করেছে দুদক।