নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষের সঙ্কটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সবচেয়ে খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইরান আমেরিকা যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দাম বেড়ে গেছে। এ কারণে দেশে তেলের সঙ্কট দেখা দিয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় নলডাঙ্গায় পৌরভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্টদের কারণে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি। যে ফ্যাসিস্টের কারণে এই নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোরে রণক্ষেত্র হয়েছিল সেই সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো আপস নেই।
মাদক ও চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, মাদক নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের কোন জায়গা হবে না। চাঁদাবাজি, সালিস-বিচারে টাকা খাওয়া, গাছ কাটাসহ বিএনপি নেতাকর্মীর অপরাধের কারণে নির্বাচনে ভোট কম পেয়েছি। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউএনও আল এমরান খান, জেলা বিএনপির সদস্য দেওয়ান আলী শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ। অনুষ্ঠানে তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।



