শোক সভায় সেলিমা রহমান

বিএনপি ক্ষমতায় এলে মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে

Printed Edition
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীণ দলের শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সেলিমা রহমান  : নয়া দিগন্ত
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীণ দলের শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সেলিমা রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার আদর্শ ও চিন্তার আলো এবং তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, খালেদা জিয়া চিরদিন আমাদের মাঝে এক উজ্জ্বল আলোকশিখা হয়ে থাকবেন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই হবে বিএনপি প্রধান লক্ষ্য।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় রয়েছেন খালেদা জিয়া। তার কবর জিয়ারতে মানুষের ঢলই তার প্রমাণ। ক্ষমতায় না থেকেও তিনি মানুষের হৃদয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।

আসন্ন নির্বাচনটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেলিমা রহমান বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। খালেদা জিয়া মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি, আর সেই শক্তিই আজ বাংলাদেশের জনগণের শক্তি। খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য নয়, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করেছেন মন্তব্য করে তিনি আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশকে বিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেন। প্রকৃত সংস্কারের সূচনা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই শুরু হয়, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ভিশন ও কর্মসূচি এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখায় পরিণত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফি, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।