বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলের অনুশীলন

Printed Edition

বগুড়া অফিস

বাংলাদেশের তিনটি ওয়ানডে খেলতে বগুড়ায় অবস্থান করছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল। দু’টি এক দিনের ম্যাচ খেলতে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে। রাজশাহীতে হবে তৃতীয় ওয়ানডে। এরপর দু’টি চার দিনের ম্যাচ খেলবে সিলেটে। জিম্বাবুয়ে ‘এ’ দল গত পরশু বগুড়ায় পৌঁছে বিশ্রাম শেষে গতকাল শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করে। বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অনুশীলনে ঘাম ঝরান সফরকারীরা।

৮ ও ১০ জুন দু’টি এক দিনের ম্যাচ হবে বগুড়ায়। এরপর ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তরুণ ও জাতীয় দলের একাধিক ক্রিকেটারদের মিশেলে গড়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আছেন অভিজ্ঞ জাকির হাসান, জাকের আলী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, খালেদ আহমেদ, আলিস আল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এ ছাড়া তরুণদের মধ্যে আছেন রোহানাত দৌলা বর্ষণ, সামিউন বাসির, রেজওয়ান, মুশফিক হাসানরা। ওয়ানডে সিরিজ শেষ করে সফরকারীরা ছুটে যাবে সিলেটে। সেখানে দু’টি চার দিনের ম্যাচ খেলবে দুই দল। ১৭-২০ জুন প্রথম চার দিনের ম্যাচ এবং ২৪-২৭ জুন দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মুখোমুখী হবে দুই দল।

দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ আয়োজন হচ্ছে বগুড়ায়। এই খবরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দর্শকদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে বিসিবি টিকেটের ব্যবস্থা করেনি। ফলে বিনা খরচে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে হঠাৎ করেই বগুড়ার আকাশে কালো মেঘের ঘনঘটায় কিছুটা হতাশা দেখা গেছে আয়োজকদের। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলে এই মাঠে খেলা হওয়া প্রায় অসম্ভব। এর আগে বিসিএলের কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।