মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’–এর আওতায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে দস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দু’টি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
আটক দস্যুরা হলেন- মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এর মধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং এনায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।



